Monday, August 27, 2018

আজ জাতীয় কবির ৪২তম মৃত্যুবার্ষিকী

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী। ১৮৯৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।মাত্র ৯ বছর বয়সে পিতৃহারা হয়ে দুঃখের সাথে যুদ্ধ করে বেঁচে থাকায় দুখু মিয়া নামে পরিচিত হন নজরুল।আর আজকের এই দিনে তৎকালীণ ঢাকার পিজি হাসপাতালে না ফেরার দেশে চলে যান তিনি।তার ক্ষুরধার লেখনী আজও বাঙালি জাতিকে প্রেরণা যোগায়। সাম্য আর অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণী উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের শক্তি যোগায়।
৪২ বছর আগে পৃথিবী থেকে বিদায় নিলেও বাঙালির জীবনে আজও উজ্জ্বল নক্ষত্রের আলো ছড়ান কবি কাজী নজরুল ইসলাম।বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১৯৭৪ সালে তাকে সম্মানসূচক ডি.লিট. উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মৃত্যুর কিছুদিন আগে সাম্যের কবিকে একুশে পদকে ভূষিত করে রাষ্ট্র।
রুটির দোকানে কাজ করা, লেটোর দলে যোগ দেয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া, সাংবাদিকতা, রাজনীতি সব মিলিয়ে বিচিত্র আর বর্ণাঢ্য ছিল তাঁর জীবন।
একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, চলচ্চিত্রকার, গায়ক এবং অভিনেতাও ছিলেন নজরুল।
তাঁর কবিতা ও গান শোষণ-বঞ্চনা-পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। তাই বাজেয়াপ্ত হয় তাঁর লেখা, কারাবরণ করেন নজরুল। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার কবিতা ও গান ছিল প্রেরণার উৎস।
মাত্র ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো এ মহান পুরুষ।বাংলা ১৩৮৩ সালের ১২ই ভাদ্র,১৯৭৬ সালে তৎকালীণ ঢাকার পিজি হাসপাতালে না ফেরার দেশে চলে যান তিনি।

শেয়ার করুন

0 comments: