Tuesday, March 20, 2018

শিবপুরের জনসভায়-ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসন সৃষ্টি করতে চায়

মো:সাব্বির হোসেন,নরসিংদী খবর:নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন চত্তরে ইসলামী ঐক্যজোট আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে ইসলামী ঐক্যজোট শিবপুর উপজেলা শাখা আয়োজিত এইচএম হারিছুল হকের সভাপতিত্বে এই জনসভা ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।বক্তব্য রাখেন, জোটের সহকারী মহাসচিব মাওলানা একেএম আশরাফুল হক এবং তথ্যও গবেষণা সচিব আলহাজ্ব মোঃ ওবায়দুল হক।
আরো বক্তব্য রাখেন, মাওলানা যোবায়ের হোসেন,মাওলানা মুজিবর রহমান,মাওলানা রহিম উদ্দিন,হাফেজ আবদুল কাইয়ূম,রফিকুল ইসলাম, ইসলামি ছাত্র সমাজের সভাপতি হাফেজ নুরুজ্জামান ও জিএম মাহমুদ হাছান প্রমূখ ।
ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেছেন, শাসন ব্যবস্থায় সমাজে ঘুষ-দূর্নীতি ও মাস্তানদের অবাধ পদচারণার সুযোগ, অপহরণ, গুম, খুন, হাইজ্যাক, প্রভৃতি অপরাধ প্রবণতা বেড়ে চলেছে অস্বাভাবিক হারে। তাই আজ ভেসে আসছে এসব অপরাধের শিকার মজলুমদের আর্ত চিৎকার, আঘাত হানছে আকাশের দ্বারে উৎপীড়িতদের আহাজারী এবং সর্বত্র ধ্বনীত হচ্ছে ক্রন্দনরোল। শুরু হচ্ছে সর্বত্র নৈতিক অবক্ষয় । অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অপসংস্কৃতির পথ প্রসস্ত হচ্ছে। অপসংস্কৃতির দুষিত জোয়ারে শুধু সুস্থ্য সংস্কৃতিই ধ্বংস হয়ে যাচ্ছেনা, বরং ভেসে যাচ্ছে চিরায়ত মূল্যবোধ, ধ্যান-ধারণা, চরিত্র, ধর্ম ও আদর্শ। বিপন্ন হয়ে পড়ছে নৈতিক মেরুদন্ড। মানুষ পঙ্গুত্ব বরন করছে নীতি-নৈতিকতায় ।ইসলামই কেবল দেশ ও জাতির মঙ্গলাকাঙ্খী হতে প্রণোদনা জোগায়। কারণ ইসলামী চিন্তার জগৎ পরিচ্ছন্ন । ইসলাম ধর্ম এদেশের সংখ্যাগরিষ্ঠ গণজনতার পরম আকাংখার। আমাদের বাংলাদেশিত্ব ও ইসলাম ধর্মই আমাদের জাতিসত্ত্বার অস্তিত্বের শর্ত। ইসলাম ধর্ম ছাড়া জাতিসত্ত্বার অস্তিত্ব নির্মাণ সম্ভব নয়। ইসলাম ধর্ম আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের গ্যারান্টি। আমাদের স্বাধীন রাষ্ট্রীয় ভূখন্ডভিত্তিক বাংলাদেশি চেতনা এবং জীবনভিত্তিক ধর্মীয় দৃষ্টিভঙ্গীর ৯০ ভাগ মানব মন্ডলির অস্তিত্বের ভিত্তি তৈরি করেছে ইসলাম ধর্ম। তারা বলেন, ইসলামী ঐক্যজোট দেশে ইসলামী শাসনের সোনালী অধ্যায় সৃষ্টি করতে চায়।
জনসভা শেষে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খাঁন, স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠী, প্রজ্জ্বলিত প্রিদিম ও প্রতিচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।



শেয়ার করুন

0 comments: